২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন

প্রতিদিনের ডেস্ক
সিরিয়ায় অবস্থানরত অবশিষ্ট প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে, তারা ইরাক ও জর্দান সীমান্তসংলগ্ন দক্ষিণ সিরিয়ায় অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে সরে যাচ্ছে। ঘাঁটিটি আইএসআইএল (আইএসআইএস)–বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এক সময় এই গোষ্ঠী সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করলেও ২০১৭ সালে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে জানায়, এই ‘সুশৃঙ্খল প্রস্থান’ ছিল ‘পরিকল্পিত ও পরিস্থিতিনির্ভর রূপান্তরের অংশ।’ প্রতিবেদন অনুযায়ী, সিরিয়া থেকে মার্কিন সেনাদের ব্যাপক প্রত্যাহার আগামী দুই মাসে ধাপে ধাপে সম্পন্ন হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্তত জানুয়ারি থেকে পূর্ণ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করে আসছে। প্রতিবেদনে উদ্ধৃত কর্মকর্তারা বলেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের অন্যত্র মার্কিন নৌ ও বিমান শক্তি বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট নয়। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তারা এ মন্তব্য করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং চলমান পারমাণবিক আলোচনায় অসন্তোষের জেরে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান-সংলগ্ন অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী বর্তমানে ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়