১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরায় আ.লীগ কার্যালয় উদ্বোধনের পরই অগ্নিসংযোগ, আটক ৩

মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের জামরুলতলায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেন কার্যক্রম নিষিদ্ধ দলটির জেলা সহ-সভাপতি এনামুল হক হীরকসহ তিন নেতাকর্মী। এ ঘটনার পরপরই বিএনপির একটি অংশ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এতে অফিসের ভিতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুনসহ বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের নিচে এসে উপস্থিত হন। তারা দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এ ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি অংশ সেখানে এসে আওয়ামী লীগের দলীয় পতাকা পুড়িয়ে দেন। এছাড়া, আওয়ামী লীগের তিনতলায় অবস্থিত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ঘটনাটি জানতে পেরেছি। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এ বিষয়ে আমার কিছু জানা নেই’।বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয় একটি অংশ। ঘোষণাকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন ও কর্মী ওসমান গনিকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়