নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চার যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানের পর মোবাইল কোর্টে তাদের দণ্ড দেওয়া হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক অলোক কুমারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মনিহার এলাকার সামনে থেকে চারজনকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীনের ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হামিদপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ শাকিমার রহমান (২২) (মামলা নং এমসি-১৯০/২০২৬) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একই এলাকায় বসবাসকারী মোঃ ইয়াসিন (২২) (মামলা নং এমসি-১৮৯/২০২৪) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া হামিদপুর এলাকার বিপ্লব মোল্লা (২৩) (মামলা নং এমসি-১৮৮/২০২৭) কে একই আইনে ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।অন্যদিকে বালিয়াডাঙ্গা এলাকার মোঃ রবিউল ইসলাম (২২) (মামলা নং এমসি-১৮৭/২০২৬) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। ডিবি পুলিশ জানায়, যশোর শহরে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

