নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বড়বাজার মারুয়া মন্দির এলাকার যৌন পল্লীতে কয়েকজন নারীর গণপিটুনিতে শাহরিয়া আলম রকি (৪৬) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার বড়বাজার মারুয়া মন্দির এলাকার মুরাদ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত রকি যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত দিল রেজা আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়বাজার সোনাপট্টি এলাকায় ফুটপাতে গেঞ্জি বিক্রি করছিলেন শাহরিয়া আলম রকি। এ সময় মারুয়া মন্দির পতিতালয়ের তৃষা (২৫) নামে এক নারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রকি তৃষাকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরে শনিবার বিকেলে রকি মারুয়া মন্দির এলাকার মুরাদ এন্টারপ্রাইজ দোকানে বসে থাকাকালে তৃষাসহ পতিতালয়ের কয়েকজন নারী সেখানে গিয়ে তাকে গণপিটুনি দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

