মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই কৃষক—রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫), যাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। রোববার (৫ এপ্রিল) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারী-আর্তনাদ। কোনো ভাবেই থামছে না স্বজনদের কান্না। গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিহত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম একই গ্রামের মৃত আবু সামার ছেলে। স্থানীয়দের মতে, তারা দুজনই পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, রফিকুল সরকার দুপুরে নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যান। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখে পাশের জমিতে কাজ করা ভাগ্নে নুর আলম ছুটে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে উঠেছে। একসঙ্গে পরিবারের দুই সদস্যের এমন করুণ মৃত্যুতে স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশীরাও শোকে স্তব্ধ, কেউ বিশ্বাসই করতে পারছেন না যে সকালেও যাঁদের সঙ্গে কথা বলেছেন, দুপুরেই তাঁরা নিথর হয়ে পড়েছেন। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় মোটরের লিকেজ বিদ্যুতের তারে স্পর্শ করায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

