৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্থাপিত অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনের ৫১ দিন পর রবিবার ৫ এপ্রিল সকালে সেনাবাহিনীর দলটি তাদের নিয়মিত কার্যক্রম শেষে যশোর সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দেয়। ৫ এপ্রিল, ২০২৬ সকাল ৮টার পর ৩৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মোঃ সাজিদ – এর নেতৃত্বে মোট ৫৪ জন সেনাসদস্যের একটি দল কালিগঞ্জ ক্যাম্প ত্যাগ করেন। তারা পলিটেকনিক্যাল কলেজে স্থাপিত ক্যাম্পটি গুটিয়ে নিয়ে পুনরায় তাদের মূল কেন্দ্র যশোর সেনানিবাসের উদ্দেশ্যে গমন করেন। সেনাবাহিনী প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মধ্যে অসন্তুষ্টি ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সেনাবাহিনী এলাকায় অবস্থানকালীন সময়ে অপরাধী ও অসাধু চক্রের মধ্যে একটি আতঙ্ক কাজ করত, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল। এখন হঠাৎ করে ক্যাম্পটি প্রত্যাহার করায় সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন। অনেকে মনে করছেন সেনাবাহিনী চলে যাওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তাদের দাবী, কালিগঞ্জ পুলিশ প্রশাসন ও দলীয় দৃষ্টিভঙ্গী তৎপরতার সাথে ভূমিকা পালন করলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে । তারা বলছে যে, সেনাবাহিনীর অনুপস্থিতিকে কাজে লাগিয়ে যাতে অপরাধী চক্র আবারও সক্রিয় না হয়ে উঠতে পারে সেব্যাপারে পুলিশকে নিরোপেক্ষ জোরালো ভুমিকা নিতে হবে। এলাকাবাসীর দাবি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা এবং প্রয়োজনে পুনরায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই প্রত্যাশা ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়