নিজস্ব প্রতিবেদক
সড়ক নিরাপত্তা নিশ্চিত ও জ্বালানি খাতে অনিয়ম ঠেকাতে যশোরে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। হেলমেট বা বৈধ ফিটনেস সনদ ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি না দেওয়ার নির্দেশনা কার্যকর করতে বুধবার (৮ এপ্রিল) শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিশেষ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশনায় র্যাব-৬ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে পাম্প মালিকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়—মোটরসাইকেলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের হেলমেট না থাকলে জ্বালানি দেওয়া যাবে না। একইভাবে বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের বৈধ ও হালনাগাদ ফিটনেস সনদ না থাকলেও তেল সরবরাহ বন্ধ রাখতে হবে। অভিযান চলাকালে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ফুয়েল ট্যাংক থেকে অবৈধভাবে তেল বের করার প্রমাণ মেলে। তবে প্রথমবারের মতো অপরাধ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের কারণে চালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ সময় মেসার্স মনির উদ্দিন আহম্মদ পেট্রোল পাম্পে পরিদর্শন চালিয়ে কাগজপত্র যাচাই ছাড়া তেল সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও নির্দেশনামূলক পোস্টার টাঙানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশও সহযোগিতা করে। প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, নির্দেশনা অমান্য করে তেল বিক্রি করলে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক দুর্ঘটনা রোধ ও জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে।

