৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

টিকিটের টাকা নিয়ে মাগুরায় বাসযাত্রী-শ্রমিক সংঘর্ষে আহত ৪

মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের ঢাকা রোড বাসস্টান্ডে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পরিবহনের টিকিটের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় শ্রমিকদের সংঘর্ষে চারজন রক্তাক্ত যখম হয়েছেন। আহতরা হলেন মধুমতি পরিবহনের যাত্রী মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের আবুল কালামের ছেলে চয়ন (২৩) ও তার ভাই জুবায়ের (২৫), পাল্লা গ্রামের বদরুল ইসলাম (৫০) ও আতিয়ার রহমানের ছেলে তৌকির আহমেদ (২৫) । আহতদের মধ্যে চয়ন মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হাসানের ভাতিজা। চয়ন জানান, তিনি মাকে নিয়ে ফরিদপুর যাওয়ারর উদ্দেশ্যে মধুমতি পরিবহনে টিকিট কাটেন। বাসটি আসতে অনেক দেরী হওয়ায় তিনি অন্য গাড়িতে যাওয়ার জন্য টিকিটের টাকা ফেরৎ চান। এ সময় টিকিটম্যান বদরুল ইসলাম তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে মারধর করেন বদরুল। খবর পেয়ে চয়নের এলাকার লোকজন সেখানে এসে বদরুলকে মারপিট করেন। এ ঘটনার জের ধরে চলা সংঘর্ষে পাল্লা গ্রামের তৌকির, পারনান্দুয়ালী গ্রামের জুবায়েরসহ চারজন আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এখনো কোন মামলা হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়