৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ে

প্রতিদিনের ডেস্ক:
পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভারের তারকা হিসেবে খেতাব পেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।কভারে জায়গা পাওয়ার অভিজ্ঞতাকে তিনি ‘এখনো কিছুটা অবাস্তব/অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন।সোমবার (২০ এপ্রিল) নিউইয়র্ক সিটির লিংকন সেন্টারে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর প্রিমিয়ারে তিনি এ প্রতিক্রিয়া জানান। প্রিমিয়ারে পিপল ম্যাগাজিন তাদের বিশেষ সংখ্যার কপি কভার তারকার হাতে তুলে দেয়।তারকা সমাবেশে ভরা এ অনুষ্ঠানে পিপল ম্যাগাজিনের প্রতিনিধি টেইলন বিগসের সঙ্গে কথা বলতে গিয়ে হ্যাথাওয়ে বলেন, দিনটি ছিল ভীষণ আনন্দের। তিনি জানান, এমন একটি আইকনিক কভারে জায়গা পাওয়া তার জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত।হাসিমুখে বলেন, এটা এখনো কিছুটা অবাস্তব মনে হচ্ছে। আজই প্রথম দিন, এখনো বিষয়টা বুঝে ওঠার চেষ্টা করছি—আর আশা করছি সবাই আমাকে এটা নিয়ে একটু মজা করবে! এই ছবিতে হ্যাথাওয়ে প্রায় ২০ বছর পর তার জনপ্রিয় চরিত্র অ্যান্ডি স্যাকস হিসেবে ফিরে আসছেন।
তিনি আরও জানান, পুরনো সহ-অভিনেতা মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির সঙ্গে আবার কাজ করা তার জন্য ছিল আনন্দময় অভিজ্ঞতা। তিনি বলেন, সেই সময়টিতে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া সত্যিই বিশেষ কিছু।ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন হ্যাথাওয়ে। তিনি তার স্বামী অ্যাডাম শুলমানের সমর্থনের কথা উল্লেখ করে জানান, তিনি তাকে সবসময় স্থির ও বাস্তবতায় রাখেন।
৪৩ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রীর বড় পর্দায় যাত্রা শুরু হয় ২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ চলচ্চিত্রের মাধ্যমে। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। মাত্র তিন বছর বয়সে মায়ের অভিনয় দেখে সিদ্ধান্ত নেন, তিনিও একদিন অভিনেত্রী হবেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৩ সালে ‘লে মিজারেবলস’ এ ফ্যান্টাইন চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কার জেতেন।
চলতি বছর হ্যাথাওয়ের জন্য বিশেষ ব্যস্ততার। আগামী ১ মে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ ছাড়াও এ বছর তার অভিনীত আরও চারটি সিনেমা মুক্তি পাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়