৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অনেক সন্তানের মা হতে চান দীপিকা

প্রতিদিনের ডেস্ক:
বলিউড পাড়ায় এখন উৎসবের আমেজ। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক যৌথ বার্তার মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর নিশ্চিত করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই ঘোষণার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা যুগল। তবে এই খুশির খবরের মাঝেই দীপিকার মাতৃত্ব নিয়ে পুরনো কিছু সাক্ষাৎকার পুনরায় আলোচনায় উঠে এসেছে।
সম্প্রতি ভাইরল হওয়া ২০১৭ সালের একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, মৃত্যুর আগে তিনি যে কাজটি অবশ্যই করতে চান তা হলো ‘অনেকগুলো সন্তানের মা হওয়া’। তিনি বলেছিলেন, ‘যদি আমি অভিনেত্রী না হতাম, তবে হয়তো আমি তিন সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাতাম। আমি এমন একটি সুখী পরিবার চাই যেখানে কাজ এবং সন্তানদের সমান গুরুত্ব থাকবে।’
এমনকি কান চলচ্চিত্র উৎসবে এক আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ কল্পনা করতে গিয়ে দীপিকা বলেছিলেন, ৭০ বছর বয়সে তিনি নিজেকে সমুদ্রের ধারের একটি বাড়িতে অনেক নাতি-নাতনি পরিবেষ্টিত অবস্থায় দেখতে চান।গত ১৯ এপ্রিল রণবীর ও দীপিকা তাদের বড় মেয়ে ‘দুয়া’র একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় ছোট্ট দুয়া একটি পজিটিভ প্রেগনেন্সি টেস্ট কিট ধরে আছে। ক্যাপশনে তারা কেবল দুটি ‘ইভিল আই’ (নজর না লাগার প্রতীক) ইমোজি ব্যবহার করেছেন।
তাদের প্রথম সন্তান দুয়া ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিল।
উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেট থেকে শুরু হয় রণবীর-দীপিকার প্রেম। এই প্রেমের গল্প পরিণতি পায় ২০১৮ সালের ১৪ নভেম্বর। ইতালির লেক কোমোতে কোঙ্কানি এবং সিন্ধি—উভয় রীতিতে তাদের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
সূত্র: এনডিটিভি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়