প্রতিদিনের ডেস্ক:
২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ায় হবে এবারের আসর্ বুধবার (২২ এপ্রিল) রাজধানী ঢাকার সাফ কার্যালয়ে মেয়েদের সাফের অষ্টম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে রয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে অনুষ্ঠিত হয়েছে এই ড্র। স্বাগতিক ভারতের গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ মালদ্বীপ। ‘এ’ গ্রুপের তিন দল নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতায় কারণে সে দেশে দল পাঠাবে না পাকিস্তান। এ কারণে তারা টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
১০ বছর পর মেয়েদের সাফ আয়োজন করতে যাচ্ছে ভারত। এবারের আসরে সব ম্যাচ হবে দেশটির গোয়া রাজ্যের বাণিজ্যিক রাজধানী মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে।২০১০ সালে ঢাকায় প্রথম নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই থেকে ভারত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সাফল্যে ভাগ বসায় বাংলাদেশ। গত দুটি সাফে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
‘এ’ গ্রুপ: নেপাল, ভুটান, শ্রীলঙ্কা।
‘বি’ গ্রুপ: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ।

