১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের মাঠ থেকে ইউনুছ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত ইউনুছ স্থানীয় ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে বলে জানা গেছে। ইউনুছ এর ভাই ইউসুফ বলেন, আমার ভাই ইউনুছের সাথে স্ত্রীর মনোমালিন চলছিল। এ নিয়ে আমরা কয়েকবার শালিশ-বিচার করেছ। তাতেও মিমাংসা হয়নি। এক পর্যায়ে আমার ভাবী তাসলিমার সাথে ভাইয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তাছলিমা অন্য জায়গায় বিয়ে করে। তবে সেখানে ৫ বছর সংসার করার পর আবার সে ফিরে আসে আমার ভাইয়ের ঘরে। আমরা তাকে সন্দেহ করছি সে কারো সাথে যোগসাজসে ইউনুছকে হত্যা করতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণাপোতা গ্রামের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এদিকে ইউনুছের মৃত্যুর খবর তার গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে আশ্বাস দিয়েছে। বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে হরিনাপোতা মাঠ থেকে ইউনুছ নামে একজন এর মৃত দেহ উদ্ধার করি। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা সঠিক তদন্ত না করে বলা যাবে না। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানায় ইউনুছ আমদানিকৃত পণ্যবাহি গাড়িতে স্কট হিসাবে কাজ করত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়