১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রধানমন্ত্রীকে বরণে যশোরে নানা প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
আগামী ২৭ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফর করবেন। দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি তার প্রথম সফর। সফর ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দিনভর কর্মসূচিতে রয়েছে শার্শার উলাশীতে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন উদ্বোধন, সুধী সমাবেশে যোগদান, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ও যশোর ক্লাব পরিদর্শন এবং কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির জনসভায় বক্তব্য। সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উলাশীতে যাবেন; বেলা সোয়া ১টায় মেডিকেল কলেজে অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৩টায় জনসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সরকারি-বেসরকারি পর্যায়ে জোর তৎপরতা চলছে। নিরাপত্তা নিশ্চিতে এসএসএফের অগ্রবর্তী দল কাজ করছে; জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানায়, খাল পুনঃখননস্থল ও অন্যান্য ভেন্যু প্রস্তুত করা হয়েছে, হাসপাতালের ভিত্তিফলক নির্মাণকাজও শেষ পর্যায়ে। উলাশী-যদুনাথপুর খালটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সূচনা স্থান ছিল; দীর্ঘদিনে ভরাট হয়ে যাওয়া এই খাল পুনঃখননকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি জনসভা সফল করতে এক সপ্তাহ ধরে ব্যাপক প্রচার, সভা-মিছিল ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে; নেতারা বিপুল জনসমাগমের আশা করছেন। শহরজুড়ে স্বাগত ব্যানার টানানো হলেও অতিরিক্ত ব্যয় এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়