প্রতিদিনের ডেস্ক:
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনের সময় দুই অধিনায়ক টম লাথাম-লিটন দাস।সব কিছুই ঠিক ছিল। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে যায় সব। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে পরে ভারতে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকার লিটন-মুস্তাফিজদের ভারতে পাঠায়নি—এমন সিদ্ধান্ত নিয়ে পরে আলোচনা-সমলোচনা ব্যাপক হয়েছে। বিশ্বকাপে খেলতে না পারায় ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান জাতীয় দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই ট্রমা থেকে ক্রিকেটাররা বের হতে পেরেছেন কি না, তা আজ জানতে চাওয়া হয়েছিল লিটনের কাছে। অধিনায়ক জানিয়েছেন, সেখান থেকে মুভ অন করে এখন ২০২৮ বিশ্বকাপে চোখ তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আমার মনে হয় অবশ্যই মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়টাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি। যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। যেহেতু আন্তর্জাতিক খেলা, প্রতিটা খেলাই প্রতিটা প্লেয়ারের জন্য খুবই জরুরি।আমার মনে হয় তারা সেভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের জন্য খেলার জন্য যা যা করা দরকার, জেতার মানসিকতা দরকার সেটা নিয়েই মাঠে নামবে।’
গেল বিশ্বকাপে নেতৃত্ব দিতে না পারলেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সেই সুযোগ থাকছে লিটনের। তাকে নতুন করে ২ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সামনের বিশ্বকাপে চোখ রেখেই দল সাজানোর পরিকল্পনা জানিয়ে উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘২০২৮ সালে আমাদের যে মেইন লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি এশিয়াতে না। সেভাবেই চিন্তাভাবনা করব।
যেহেতু আমাদের বন্ডিং হয়েছিল খুবই ভালো। শেষ বিশ্বকাপেও ভালো প্রস্তুতি ছিল। চেষ্টা করব দলটাকে যেন সেখান থেকেই ভালো করে ধরে রাখা যায়।’

