১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীরা সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। জানা গেছে, আগামী ১০ মে ও ১১ মে ২০২৬ তারিখ প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্দরের বিভিন্ন স্থানে এ কর্মবিরতি পালন করা হবে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে বন্দরের বিভিন্ন স্থানে ব্যানার স্থাপন করেছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে অধিকাল ভাতা বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যার সমাধানে তারা গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দরসমূহে কর্মরত কর্মচারীদের অধিকাল ভাতা প্রদানে অসম্মতি জানানো হয়। এর পর থেকেই বেনাপোল স্থলবন্দরের কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে কর্মচারীদের ঘোষিত কর্মবিরতি কর্মসূচি বন্দরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়