প্রতিদিনের ডেস্ক:
পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে বিজেপি। তারা ঘোষণা করেছে, আগামী ৯ মে (২৫ বৈশাখ) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন মুখ্যমন্ত্রীসহ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান।
এ লক্ষ্যে আগামী শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জয়ী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসবেন বিজেপির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেজন্য বৃহস্পতিবার (৭ মে) কলকাতায় আসতে পারেন তিনি।শপথের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার (৬ মে) রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’-এ যান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো ও সৌমিত্র খাঁ।সেখানে মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালার সঙ্গে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তারা।জানা যায়, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তবে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি দল।আগামী ৮ মে চূড়ান্ত হবে। তখনই জানা যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন—শুভেন্দু, শমীক, দিলীপ, অগ্নিমিত্রা পাল—নাকি অন্য কেউ। তবে বিজেপির বড় অংশ এখন শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রাখছে। কেন্দ্রীয় নেতৃত্ব কাকে বেছে নেয়, তাই এখন রাজ্য রাজনীতিতে আলোচ্য বিষয়।

