২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জীবনের মূল্যবান ১৭টি বছর নষ্ট করেছি’, তিন বিয়ে নিয়ে আক্ষেপ অভিনেত্রীর

প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী মিরা বাসুদেবন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অকপট খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী তার অতীত জীবনের বৈবাহিক সম্পর্কগুলো নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন।
২০০৩ সালে হিন্দি ছবি ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফর্মুলা’ দিয়ে নজর কাড়া এই অভিনেত্রী জানান, তিনটি বিফল বিয়ের পেছনে তিনি তার জীবনের অত্যন্ত মূল্যবান ১৭টি বছর ব্যয় করেছেন, যা তার ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
সাক্ষাৎকারে মিরা জানান, যে সময়টুকু তিনি ভুল মানুষের পেছনে নষ্ট করেছেন, সেই সময়ে তিনি চাইলে সিনেমা, ফিটনেস কিংবা একটি সুন্দর সামাজিক পরিমণ্ডল গড়ে তুলতে পারতেন। নিজের ছেলের সঙ্গেও এই বিষয়ে কথা বলেন উল্লেখ করে তিনি বলেন, জীবনকে আরও অর্থবহ করে তোলা যেত যদি তিনি বাবা-মা ও বোনের সঙ্গে বেশি সময় কাটাতেন। যেসব মানুষ তাকে কখনো সম্মান করেনি বা গুরুত্ব দেয়নি, তাদের জন্য নিজের সম্ভাবনাকে নষ্ট করার বিষয়টিকে তিনি এখন বড় ভুল হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে মোহনলালের বিপরীতে ‘তন্মাত্র’ সিনেমায় অনবদ্য অভিনয় করে তারকাখ্যাতি পান মিরা। তবে ব্যক্তিগত জীবনে বারবার চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। ২০০৫ সালে বিশাল আগরওয়ালের সঙ্গে তার প্রথম বিয়ে হয় যা ২০১০ সালে ভেঙে যায়। এরপর ২০১২ সালে অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন তিনি এবং তাদের একটি পুত্রসন্তান রয়েছে, তবে ২০১৬ সালে এসে সেই সংসারটিও টেকেনি। সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও মাত্র এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। অতীতের এই ভুলগুলো স্বীকার করে নিয়ে মিরা জানান, এখন তিনি জীবনের একটি সুন্দর পর্যায়ে আছেন এবং বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ব্যস্ত ও সুখী। লুকিয়ে রাখার মতো কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, জীবন এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।‘ওরুভান’, ‘একান্তম’ এবং ‘তক্কোল’-এর মতো অসংখ্য প্রশংসিত সিনেমার এই অভিনেত্রী এখন নতুন উদ্যমে কাজে মনোনিবেশ করতে চান।
সূত্র: এনডিটিভি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়