প্রতিদিনের ডেস্ক:
বলিউড অভিনেত্রী সারা আলি খান বরাবরই আলোচনায় থাকেন নিজের অভিনয়, ব্যক্তিগত জীবন ও তারকাসন্তান পরিচয়ের কারণে। তবে জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনা, ট্রল ও কটাক্ষও যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে তার। সম্প্রতি এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, সমালোচনা তাকে মানসিকভাবে প্রভাবিত করে এবং অনেক সময় ভেঙে পড়েন তিনি। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে সারা আলি খানকে নিয়ে মন্তব্য করেন ওরি নামে পরিচিত এক ইনফ্লুয়েন্সার। ‘খতরোঁ কে খিলাড়ি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগে কখনো অনুষ্ঠানটি দেখেননি।
তবে নির্মাতা রোহিত শেঠিকে ভালোভাবেই চেনেন। সেই সঙ্গে কটাক্ষ করে বলেন, সারার জীবনের সবচেয়ে জনপ্রিয় ছবিটি রোহিতের পরিচালনায় তৈরি। তাই রোহিত যদি সারার জন্য এত কিছু করতে পারেন, তাহলে তার ক্ষেত্রে নিশ্চয়ই পারবেন। ওরির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, ইচ্ছাকৃতভাবেই সারাকে ছোট করার চেষ্টা করা হয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি সারা।
তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার মনের ওপর কোনো প্রভাব পড়ে না, এটা বললে মিথ্যা বলা হবে। অবশ্যই অনেক কষ্ট লাগে। ভেঙে পড়ি মাঝেমধ্যে। কারণ আমি দর্শকদের জন্যই কাজ করি। তারা হতাশ হলে আমার খারাপ লাগে। সারা আরও জানান, একসময় তিনি শুধুই দর্শকের মন জয়ের জন্য কাজ করতেন। কিন্তু সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, নিজের ভালো লাগা ও মানসিক শান্তির জন্য কাজ করাও জরুরি। তবুও দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।

