৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রতিদিনের ডেস্ক:
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। চা বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের ২০৬ রানে ৮ উইকেট তুলে নিয়ে লিডের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।প্রথম ইনিংসে ২৭৮ রান করা বাংলাদেশের চেয়ে এখনো ৭২ রানে পিছিয়ে আছে পাকিস্তান। দিনের শুরু থেকেই দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারেই আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন তিনি। পরে আজান আওয়াইকেও আউট করে শুরুতেই চাপে ফেলে দেন সফরকারীদের।এরপর আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে শান মাসুদ, পরে সৌদ শাকিলকে ফিরিয়ে পাকিস্তানের মিডল অর্ডারে ধস নামান তিনি। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান বাবর আজম। ৬৩ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার সালমান আগাকে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।কিন্তু সেটিও বেশিক্ষণ টেকেনি।প্রথমে নাহিদ রানার বলে মিড অনে ক্যাচ দিয়ে ৬৮ রানে ফেরেন বাবর। এরপর তাইজুল ইসলাম একে একে ফিরিয়েছেন সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলীকে।বিশেষ করে রিজওয়ানকে বোল্ড করে বড় ধাক্কা দেন তাইজুল। আর হাসান আলীর ক্যাচ লং অনে দারুণভাবে তালুবন্দি করেন নাহিদ রানা। চা বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান। এখন বাংলাদেশের লক্ষ্য দ্রুত বাকি দুই উইকেট তুলে নিয়ে লিড নেওয়া।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়