অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় পানিতে ডুবে হুজাইফা (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চিলিশিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আশপাশে খেলাধুলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশু হুজাইফা। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানিভর্তি একটি স্থানে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হুজাইফাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, হুজাইফা ছিল হাসিখুশি ও সবার প্রিয় একটি শিশু। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

