প্রতিদিনের ডেস্ক:
নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক রূপ বলে’ দাবি করা মেরিল্যান্ডের ২১ বছর বয়সী এক তরুণ হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন। নিহত ওই তরুণের নাম নাসির বেস্ট।রোববার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে তিনি হঠাৎ গুলি চালাতে শুরু করলে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নাসির বেস্ট দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করে গ্রেপ্তার হয়েছিলেন।সংবাদমাধ্যমটি আরও জানায়, হোয়াইট হাউসের আশপাশে ঘোরাঘুরির কারণে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন।গত বছর একটি সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার পর পুলিশ তাকে আটক করেছিল।তখন তিনি পুলিশকে বলেন, তিনি নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক রূপ’ মনে করেন এবং ইচ্ছাকৃতভাবেই গ্রেপ্তার হতে চান। আদালতের নির্দেশ অনুযায়ী তার হোয়াইট হাউস এলাকায় প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে রবিবার ভোরে তিনি সেই নির্দেশ অমান্য করে সেখানে যান।ঘটনার সময় নাসির তার ব্যাগ থেকে অস্ত্র বের করে হোয়াইট হাউসের চেকপয়েন্টে গুলি চালান। এতে সাংবাদিক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে তিনি নিহত হন। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন।কর্মকর্তারা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন।এক মাস আগেই ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার একটি ঘটনা ঘটে। এর পর থেকে হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

