১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ ক্যাম্প

প্রতিদিনের ডেস্ক
২০২৬ বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি সারতে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাওয়ার কথা ছিল ইরান জাতীয় ফুটবল দলের। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের বিশ্বকাপ বেসক্যাম্প পরিবর্তন করে মেক্সিকোতে নিয়ে যাচ্ছে তারা। ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবুজ সংকেত পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। ফেডারেশনের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মেহেদি তাজ জানান, ‘আমরা মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানার ক্যাম্পে অবস্থান করব। এটি প্রশান্ত মহাসাগরের কাছাকাছি এবং মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের ঠিক মাঝামাঝি এলাকায় অবস্থিত।’ ইরান ফুটবল প্রধান আরও জানান, সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন ভিসা প্রাপ্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, এই ভেন্যু পরিবর্তনের ফলে তা এড়ানো সম্ভব হবে। তাছাড়া, এবার ইরান এয়ারের সরাসরি ফ্লাইটে করেই পুরো স্কোয়াড মেক্সিকোতে পৌঁছাতে পারবে। এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলছে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরানিরা। বেসক্যাম্প পরিবর্তনের সুবিধা উল্লেখ করে তাজ বলেন, ‘তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের ম্যাচ ভেন্যুটির দূরত্ব বিমানে মাত্র ৫৫ মিনিটের। এর আগে অ্যারিজোনায় যে ক্যাম্পের পরিকল্পনা করা হয়েছিল, তার চেয়ে মেক্সিকোর এই তিজুয়ানা ক্যাম্পটি ম্যাচ ভেন্যুগুলোর অনেক বেশি কাছাকাছি।’ যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ভ্রমণ এবং নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে গত কয়েক মাস ধরেই ইরান দলকে বেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। এমনকি তারা তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে অন্য দেশে নেওয়ারও অনুরোধ জানিয়েছিল। চলতি মাসেই ইরানি কর্মকর্তারা জানান, বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও খেলোয়াড় ও স্টাফদের কেউই এখনো মার্কিন ভিসা পাননি। তুরস্কের প্রি-টুর্নামেন্ট কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন তারা ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করেছিলেন। এই পরিস্থিতিতে মেহেদি তাজ জানান, তারা ফিফার কাছে খেলোয়াড় ও প্রতিনিধি দলের ভিসা, সার্বিক নিরাপত্তা এবং যথাযথ আতিথেয়তার নিশ্চয়তা দাবি করেছেন। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপের এই মহোৎসব। চূড়ান্ত মঞ্চে নামার আগে আগামী ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। এরপর ফিফার বেঁধে দেওয়া ১ জুনের ডেডলাইনের মধ্যেই কোচ আমির ঘালেনোই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়