২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এফসিপিএস (FCPS) প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুন) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার ব্যানারে আয়োজিত কর্মসূচিতে হাসপাতালের প্রায় ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল এবং চিকিৎসকদের জন্য মানসম্মত প্রশিক্ষণ ও ন্যায্য ভাতা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে নেতৃত্ব দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন। বক্তারা বলেন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ইন্টার্ন চিকিৎসকদের প্রাপ্য ভাতা প্রদান করতে হবে। তারা ঘোষণা দেন, উত্থাপিত যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও হাসপাতাল প্রাঙ্গণের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়