ঝিনাইদহ সংবাদদাতা
আন্তঃজেলা মাদক চক্রের গডফাদার ১৬ মামলার আসামি সহ সহযোগী ঝিনাইদহ মহেশপুর থেকে গ্রেফতার। এ সময় ইয়াবা ও মাদক বিক্রির অর্থ উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে,ঝিনাইদহ জেলা পুলিশ মাদকের বিস্তাররোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় মহেশপুর থানা পুলিশ রবিবার সকালে উপজেলার ৩ নং পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে আসামি মনিরের বাড়িতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদকচক্রের গডফাদার হিসেবে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে মনির (৪৬), পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- ঘুগরী বাগানপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ ও তার এক নারী সহযোগীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক রাখ ৯১ হাজার ৪২০ টাকা জব্দ করা হয়। আসামী মনির হোসেন মনিরের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা, নাটোর জেলা, ঢাকা জেলা ও ডিএমপি সহ দেশের বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের ১৬টি মামলা রয়েছে। আসামী মনিরের অন্যান্য সহযোগীসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

