৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এই গরমের দুপুরে পাতে রাখুন আচারি বেগুন

প্রতিদিনের ডেস্ক:
গরমের দিনে ভারী বা ঝাল খাবারের চেয়ে মুখে রুচি ফেরায় টক-ঝাল স্বাদের কোনো পদ। আর ভাতের সঙ্গে যদি থাকে আচারি বেগুন, তাহলে সাধারণ খাবারও হয়ে উঠতে পারে দারুণ উপভোগ্য।সরিষা, বিভিন্ন মসলা ও আচারের স্বাদে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি সহজেই ঘরে তৈরি করা যায়। গরমের দুপুরে খাবারের স্বাদ বাড়াতে পাতে রাখতে পারেন মজাদার আচারি বেগুন। জেনে নিন সহজ রেসিপি।
উপকরণ
বেগুন ২ টা
আলু ২ টা
টমেটো ২ টা
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
জিরা ১/২ চা চামচ
পাঁচফোড়ন ১ চা চামচ
শুকনা মরিচ ৩ টা
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
সরিষার তেল আধা কাপ
ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে আলু ও বেগুন ভালোভাবে ধুয়ে সমান আকারের ছোট ছোট কিউব করে কেটে নিন। এরপর একটি প্যানে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হতে শুরু করলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাঁচফোড়ন, জিরা এবং আদা-রসুন বাটা যোগ করে ভালোভাবে নেড়ে নিন। মসলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলুর টুকরোগুলো দিয়ে দিন। আলু কিছুটা সিদ্ধ হয়ে এলে টমেটো যোগ করুন। এরপর বেগুন দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে রান্না করুন। আলু ও বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। সবশেষে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু আচারি বেগুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়