নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলায় গৃহবধূ ছামিনা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সুজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পারিবারিক বিরোধের জেরে শেখহাটি তমালতলার নিজ বাসায় স্ত্রী ছামিনা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সুজন। ঘটনার পর তিনি নিজের শরীরেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

