প্রতিদিনের ডেস্ক:
ঋতুভিত্তিক ফলের মধ্যে কাঁঠাল যেমন জনপ্রিয়, তেমনি এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। সাধারণত ভর্তা, ভাজি বা তরকারিতে ব্যবহার করা হলেও কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ক্ষীর।ভিন্ন স্বাদ ও অনন্য উপস্থাপনার এই মিষ্টান্ন সহজেই অতিথিদের চমকে দিতে পারে। ঘরোয়া উপকরণে তৈরি কাঁঠালের বিচির ক্ষীর হবে আপনার খাবারের আয়োজনে এক ব্যতিক্রমী সংযোজন। আজ জেনে নিন কীভাবে তৈরি করবেন এই মজাদার ও পুষ্টিকর ক্ষীর।উপকরণ
কাঁঠাল বিচি ১০-১৫টি
গুড় ১০০ গ্রাম
নারকেলের দুধ ২০০ মিলি
ঘি ১ চা চামচ
কাজুবাদাম ১০টি
নারকেল কুচি ১ টেবিল চামচ
এলাচ গুঁড়া ১ চিমটি
প্রথমে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর সামান্য পানিতে গুড় মিশিয়ে কাঁঠালের বিচির পেস্ট যোগ করুন। মিশ্রণটি তৈরি করার পর প্রায় ৫ মিনিট রেখে দিন। এরপর এতে নারকেলের দুধ যোগ করে আরও ২ মিনিটের মতো চুলায় রান্না করুন। রান্না শেষ হলে নামিয়ে রাখুন।অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে কাজুবাদাম ও ছোট করে কাটা নারকেলের টুকরোগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা কাজুবাদাম ও নারকেল ক্ষীরের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে দিন।সবশেষে এক চিমটি এলাচ গুঁড়া ছিটিয়ে আবারও নেড়ে নিন। তাহলেই প্রস্তুত হয়ে যাবে সুগন্ধি ও সুস্বাদু কাঁঠালের বীজের ক্ষীর। পরিবেশনের আগে কিছুক্ষণ ঠান্ডা করে নিলে এর স্বাদ আরও বাড়বে।

