প্রতিদিনের ডেস্ক:
বল দখল থেকে শুরু করে আক্রমণ, দুই অর্ধেই এগিয়ে ছিল তুরস্ক। কিন্তু তাতে তো আর ম্যাচ জেতা হয় না। গোলের খেলায় গোলটাই জরুরি পয়েন্ট আদায় করতে। সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছে তুরস্ক। ক্রিকেটে খারাপ সময় পার করলেও ফুটবল বিশ্বকাপের শুরুটা অজিরা করেছে জয় দিয়ে।
‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। তুরস্কের একের পর এক আক্রমণ উপেক্ষা করে প্রতি-আক্রমণে দুই অর্ধে দুই গোল করে ম্যাচটি জিতে নিয়েছে অজিরা।
রোববার (১৪ জুন) ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেছেন নেস্তরি ইরানকুন্ডা। দ্বিতীয় গোলটি আসে ৭৫ মিনিটে সেই প্রতি-আক্রমণ থেকেই। গোলটি করেন কনর মেটকাফ।মাত্র ২০ বছর বয়সী ইরানকুন্ডা অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। ওকন-এংস্টলার লং বল বক্সের বাইরে পেয়ে যান তিনি। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে দ্রুত ভেতরে ঢুকে ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান।
এরপরও একাধিক চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। তবে আর গোলের দেখা পায়নি প্রথমার্ধে। একইভাবে চেষ্টা চালিয়েছে তুরস্কও। তবে তারাও পায়নি সমতাসূচক গোলের দেখা। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে ছিল অজিরাই। কনর মেটকাফ ৭৫ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে ডানদিকের পোস্টের নিচের কোনায় বল জড়িয়ে দেন। দুর্দান্ত ফিনিশিংয়ে অস্ট্রেলিয়া আরেকটি গোল করে বাড়িয় নেয় ব্যবধান। তুরস্ক দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ তৈরি করলেও পায়নি কোনো গোলের দেখাই।
অস্ট্রেলিয়া ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্রের ঠিক পরেই অবস্থান করছে। তাদের পরের ম্যাচ ১৯ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অন্যদিকে তুরস্ক একই দিনে পরে লড়বে প্যারাগুয়ের বিপক্ষে।

