প্রতিদিনের ডেস্ক:
গ্রীষ্ম ও বর্ষার মৌসুমে বাজারে দেখা মেলে সুস্বাদু ও রসালো লটকনের। এর অনন্য টক-মিষ্টি স্বাদ ফলপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তবে শুধু তাজা ফল হিসেবেই নয়, লটকন দিয়ে তৈরি করা যায় দারুণ মজার আচারও।সঠিক পরিমাণে চিনি, মসলা ও কয়েকটি সহজ উপকরণ ব্যবহার করে ঘরেই তৈরি করা সম্ভব লটকনের টক-মিষ্টি আচার। এই আচার যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনি দীর্ঘদিন সংরক্ষণ করেও উপভোগ করা যায়। রইলো রেসিপি-
উপকরণ
লটকন (খোসা ছাড়ানো) ১ কাপ
তেঁতুল ১ টেবিল চামচ
সিরকা ১ কাপ
শুকনোমরিচ গুঁড়া ১ চা চামচ
চিনি ১ টেবিল চামচ
পাঁচফোঁড়ন গুঁড়া ১ টেবিল চামচ
ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো
প্রথমে লটকনের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি পাত্রে লটকনগুলো নিয়ে মাঝারি আঁচে চুলায় বসান। আলাদা একটি বাটিতে এক কাপের চার ভাগের একভাগ সিরকার সঙ্গে ১ টেবিল চামচ চিনি মিশিয়ে তাতে তেঁতুল ভিজিয়ে রাখুন।লটকন থেকে বের হওয়া পানি শুকিয়ে এলে এতে প্রস্তুত করা মসলাগুলো যোগ করুন এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। তারপর সিরকায় ভেজানো তেঁতুল পাত্রে দিয়ে রান্না করতে থাকুন। চিনি সম্পূর্ণ গলে মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে বাকি সিরকা ঢেলে দিন। সবশেষে জিরার গুঁড়া ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।আচার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি শুকনো ও পরিষ্কার কাঁচের জারে ভরে সংরক্ষণ করুন। এতে আচার দীর্ঘদিন ভালো থাকবে এবং স্বাদও অটুট থাকবে।

