প্রতিদিনের ডেস্ক:
ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ চারজনকে জুলাই আন্দোলনে একজনকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (১৭ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।অন্য দুই আসামি হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সজল ঘোষ।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ চার আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন। বুধবার তাদের আদালতে হাজির করা হলে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা আদালতে আসামিদের গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত চারজনকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে গুলশানের বাঁশতলা এলাকায় গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন। হামলায় তার শরীরে বিপুল সংখ্যক ছররা গুলি ও বুলেটের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘসময় চিকিৎসা নিতে হয়।চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পর গত ফেব্রুয়ারিতে নাজিম উদ্দিন গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান ২০১৯ সালে র্যাবের অভিযানে গ্রেফতার হওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দেশে অনলাইন ক্যাসিনো পরিচালনা ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিলেন। এ সংক্রান্ত মামলায় কারাদণ্ডও ভোগ করেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে আওয়ামী লীগের মিছিলে অর্থের যোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছিরেন আদালত।

