৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘আলফা’ ট্রেলারে চমক হৃত্বিক রোশন

প্রতিদিনের ডেস্ক:
অবশেষে প্রকাশ্যে এলো বলিউডের বহুল আলোচিত স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’র ট্রেলার। ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথম নারী-কেন্দ্রিক এই সিনেমাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে।ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে গেছে।২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের আবরণে রাখা এক নবজাতক শিশুকে। ভয়েসওভারে ভয়ংকর প্রতিপক্ষ ফতেহ চরিত্রে অভিনয় করা ববি দেওল জানান, শিশুটির নাম তিনি রেখেছেন ‘সীতা’। এরপরের দৃশ্যগুলোতে ইঙ্গিত মেলে, ছোটবেলা থেকেই তাকে এক দুর্ধর্ষ যোদ্ধা ও ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে। ট্রেলারে আলিয়া ভাটকে দেখা যায় সীতা চরিত্রে। তার বর্ণনায় উঠে আসে ফতেহের নির্মমতা ও ক্ষমতার গল্প। তিনি জানান, এক রাজকন্যাকে অপহরণ করে তাকে অস্ত্রে পরিণত করা হয়েছিল। তবে এই গল্পে প্রচলিত পৌরাণিক কাহিনির মতো উদ্ধার পাওয়ার অপেক্ষায় থাকেন না সীতা।বরং নিজেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফতেহের সাম্রাজ্য ধ্বংসের মিশনে নামেন।
অ্যাকশন, আবেগ ও রোমাঞ্চে ভরপুর ট্রেলারে আলিয়াকে দেখা গেছে সম্পূর্ণ নতুন অবতারে। পরে তার মিশনে যোগ দেন শারভারী। দুই নারী এজেন্টের প্রশিক্ষক ও পরামর্শকের ভূমিকায় রয়েছেন অনিল কাপুর।তবে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ শেষের কয়েক সেকেন্ড।সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের চমকে দিয়েছেন হৃত্বিক রোশন। যদিও তার পুরো চেহারা দেখানো হয়নি, কেবল চোখের ঝলকই যথেষ্ট ছিল নতুন জল্পনা তৈরি করতে। এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে, ‘আলফা’ সিনেমার গল্প সরাসরি ‘ওয়ার’ এবং ‘ওয়ার ২’-এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। স্পাই ইউনিভার্সের এই নতুন অধ্যায় নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলফা’।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়