৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

৭-১ গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে ব্রাজিল

প্রতিদিনের ডেস্ক:
বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বাধিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও গত দুই যুগের বেশি সময় ধরে বিশ্বকাপের শিরোপা জয়ের দেখা পায়নি ব্রাজিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বেশ শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নেমেছে সেলেসাওরা।ডাগআউটে অভিজ্ঞ ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির উপস্থিতি ব্রাজিল সমর্থকদের নতুন আশার আলো দেখাচ্ছে। তার কৌশলগত দক্ষতায় এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও জোরালো হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।তবে টুর্নামেন্টে যাত্রার শুরুটা প্রত্যাশামাফিক হয়নি ব্রাজিলের। উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে আক্রমণে আধিপত্য দেখিয়েও জয়ের দেখা পায়নি তারা। শক্ত রক্ষণভাগের কারণে উত্তর আফ্রিকার দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির শিষ্যদের।প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে এবার দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ব্রাজিল। তাদের সামনে প্রতিপক্ষ ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি।অতীত পরিসংখ্যান বলছে, হাইতির বিপক্ষে ব্রাজিলের রেকর্ড একেবারেই একপেশে। দুই দল এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে সেলেসাওরা।১৯৭৪ সালে প্রথমবারের মতো এক প্রীতি ম্যাচে হাইতির মুখোমুখি হয় ব্রাজিল। সেই ম্যাচে রিভেলিনোর অনবদ্য পারফরম্যান্সে ৪-০ গোলের জয় তুলে নেয় তারা।
সবশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায়ও হাইতির বিপক্ষে দাপট দেখায় সেলেসাওরা। শতবর্ষী আসরের সেই ম্যাচে ৭-১ গোলের বড় জয় পায় ব্রাজিল। ওই ম্যাচে ফিলিপে কোতিনিও হ্যাটট্রিক করেন, আর রেনাতো আগুস্তো করেন জোড়া গোল।সাম্প্রতিক পারফরম্যান্স, তারকাসমৃদ্ধ স্কোয়াড এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বিবেচনায় এই ম্যাচে ব্রাজিলই পরিষ্কারভাবে এগিয়ে। তবে বিশ্বকাপ সবসময়ই চমকের মঞ্চ। তাই ফুটবলের এই মহারণে শেষ বাঁশি বাজার আগে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়