মেসেজিং হবে আরও স্মার্ট, হোয়াটসঅ্যাপে আসছে আইফোনের মতো ফিচার

প্রতিদিনের ডেস্ক:
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুত মেসেজিং অভিজ্ঞতা আনতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে নতুন ধরনের মেসেজ মেনু, যা মেসেজ পরিচালনার পদ্ধতিকে আরও সুবিধাজনক করে তুলবে।বর্তমানে অ্যান্ড্রয়েডে কোনো মেসেজ ফরওয়ার্ড, কপি, এডিট বা অন্যান্য কাজ করতে হলে মেসেজ নির্বাচন করার পর স্ক্রিনের উপরের অংশে থাকা বিভিন্ন অপশনে যেতে হয়। এতে অনেক সময় অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হয়, যা দ্রুত কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি করে।নতুন আপডেটের মাধ্যমে এই অভিজ্ঞতাই বদলে যেতে পারে। হোয়াটসঅ্যাপ এমন একটি ‘কনটেক্সচুয়াল মেনু’ চালু করার পরীক্ষা করছে, যেখানে মেসেজে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলেই প্রয়োজনীয় অপশনগুলো সরাসরি সেই মেসেজের পাশেই দেখা যাবে।এই নতুন মেনু অনেকটা শর্টকাটের মতো কাজ করবে। ব্যবহারকারীরা যেসব ফিচার সবচেয়ে বেশি ব্যবহার করেন, যেমন রিপ্লাই, ফরওয়ার্ড, কপি বা এডিট সেগুলো সামনে থাকবে। তুলনামূলক কম ব্যবহৃত অপশনগুলো ‘মোর’ বিভাগে রাখা হবে। ফলে প্রয়োজনীয় কাজ করতে আর আলাদা করে বিভিন্ন মেনুতে যেতে হবে না।নতুন ডিজাইনটি অনেকটাই আইফোন সংস্করণের হোয়াটসঅ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের অভিজ্ঞতার মধ্যে পার্থক্যও কমে আসবে। বিশেষ করে যারা একই সঙ্গে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি আরও সুবিধাজনক হবে।ফিচারটি ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ উভয় ক্ষেত্রেই কাজ করবে। ব্যবহারকারীদের আলাদা করে কোনও সেটিংস পরিবর্তন করতে হবে না। আগের মতোই মেসেজে ট্যাপ করে ধরে রাখলেই নতুন মেনুটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েডের ২.২৬.২৩.৮ সংস্করণ ব্যবহারকারী কিছু বেটা পরীক্ষক এরই মধ্যে নতুন মেনুর সুবিধা পাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি বেটা ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যেতে পারে।তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এই ফিচার উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি জানায়নি হোয়াটসঅ্যাপ। তবুও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, দ্রুত ও সহজ মেসেজ ব্যবস্থাপনার জন্য এটি হতে পারে হোয়াটসঅ্যাপ এর অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়