প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে ন্যাটো

প্রতিদিনের ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার আগে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপের দেশগুলো। মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর প্রতিরক্ষা সম্মেলনে কয়েক হাজার কোটি ডলারের একাধিক বিশাল অস্ত্র চুক্তি প্রকাশ করা হবে।ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ইউরোপের দেশগুলো ও কানাডা ২০২৫ সালে তাদের সামরিক বাজেট ২০% বাড়িয়ে দিচ্ছে। ২০২৫ সালে তারা প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ৯০ বিলিয়ন ডলার বেশি খরচ করবে, যার ফলে তাদের মোট সামরিক ব্যয় দাঁড়াবে ৫৭০ বিলিয়ন ডলারের বেশি। এর প্রধান দুইটি কারণ হলো—ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ভয় এবং প্রতিরক্ষায় খরচ বাড়ানোর জন্য ট্রাম্পের কড়া চাপ।চুক্তিগুলোর বিস্তারিত গোপন রাখা হলেও জানা গেছে যে, বেলজিয়াম ও ব্রিটেনের সঙ্গে মিলে ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের সামরিক চুক্তি করবে নেদারল্যান্ডস। কানাডা নিজেদের নৌবাহিনীর জন্য জার্মানি থেকে ১২টি নতুন সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরি করিয়ে নেবে। ন্যাটো জোট তাদের পুরোনো মার্কিন নজরদারি বিমানগুলো বাদ দিয়ে এখন সুইডেনের আধুনিক ‘গ্লোবালআই’ বিমান কিনবে।২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার কারণে তুরস্কের ওপর খেপে গিয়ে আমেরিকা তাদের ‘এফ-৩৫’ অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার চুক্তি বাতিল করেছিল। তবে ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ওপর রাগ কমিয়ে তাদের আবারও যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিতে পারেন। আমেরিকা ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে পুরো সাহায্য করেনি—এমন অভিযোগে বেশ কিছুদিন ধরেই রেগে আছেন ট্রাম্প। তিনি এমনকি ন্যাটো জোট ছেড়ে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন। তবে ন্যাটো নেতারা আশা করছেন, ট্রাম্পের সঙ্গে তাদের ব্যক্তিগত ভালো সম্পর্ক পরিস্থিতি সামলে নেবে। এ ছাড়া এই সম্মেলন থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এই বছরের জন্য আরো প্রায় ৮০ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার ঘোষণা আসতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়