প্রতিদিনের ডেস্ক:
.চীনের পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশে পাহাড়ধসে অন্তত ১৬ জন মাটির নিচে আটকে পড়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এসব দুর্যোগে অন্তত ২৭৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, ভূমিধসের সময় মোট ৩৩ জন আটকা পড়েছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।ভূমিধসের ঘটনার পর প্রেসিডেন্ট শি চিনপিং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান।কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চলতি সপ্তাহে চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বজ্রঝড়, ভারি বৃষ্টি এবং তীব্র দমকা হাওয়া আঘাত হেনেছে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কারণে একাধিক স্থানে জরুরি অবস্থা তৈরি হয়েছে।
এদিকে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার রাতে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বজ্রঝড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
