প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক টিম গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।বুধবার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আবদুল মোনায়েম মুন্না বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।তিনি বলেন, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সেতু নির্মাণ, খাল খননসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।যুবদল সভাপতি বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জরুরি সভা, প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনেও সারাদেশে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সাংগঠনিক টিম গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, বিভিন্ন ঘটনায় যুবদলকে জড়িয়ে অপপ্রচার না চালিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।তিনি বলেন, ‘আমাদের দলীয় কর্মসূচিতে কোনো ধরনের বাগবিতণ্ডা হয়নি। সত্যতা যাচাই না করে সিন্ডিকেট করে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।
