প্রতিদিনের ডেস্ক:
অংশুলার মেহেন্দির অনুষ্ঠানে হালকা গোলাপি রঙের একটি গাউনে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তবে জমকালো পোশাকের থেকেও বেশি নজর কেড়েছে তাঁর হাতঘড়ি। সে ঘড়ির দাম শুনে চমকে উঠেছেন সকলে।
অংশুলার প্রাক্বিবাহ অনুষ্ঠানে নজর কেড়েছেন জাহ্ণবী কপূর। তাঁর পোশাক থেকে সাজসজ্জা— সব কিছু নিয়েই দিকে দিকে চলছে আলোচনা। বলিউডের তারকাসন্তানদের মধ্যে অন্ততম শ্রীদেবী-কন্যা জাহ্নবী।
‘ফ্যাশনিস্তা’ হিসাবেও প্রথম সারিতেই থাকে জাহ্নবীর নাম। কখনও তাঁর নতুন ছবির প্রচার, কখনও আবার শুধুই সমাজমাধ্যমের জন্য শুটিং, বরাবরই নজর কাড়েন তিনি। এ বার পারিবারিক অনুষ্ঠানেও নায়িকার দিকেই নজর ছিল সকলের। নিজের চেহারা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করে থাকেন অভিনেত্রী। এ বার বিয়ে সারলেন তাঁর দিদি অর্থাৎ বনি কপূরের বড়মেয়ে অংশুলা কপূর। তাঁর মেহেন্দি ও চুড়া অনুষ্ঠানে হালকা গোলাপি রঙের একটি গাউনে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তবে পোশাকে চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর হাতঘড়িটি। সে ঘড়ির দাম জেনে সকলের চক্ষু চড়কগাছ। শোনা যাচ্ছে, এই ঘড়ির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বিবাহবাসরের জাঁকজমকের মধ্যেও জাহ্নবীর রোজ় গোল্ড হিরে বসানো ঘড়ি এবং মুক্ত দিয়ে বোনা ব্যান্ডের দিকেই চোখ যাচ্ছিল সকলের। হালকা মেকআপ এবং সামান্য গয়নায় সেজেছিলেন নায়িকা। সম্প্রতি এক সংবাদসংস্থা জানিয়েছে, ওই ঘড়িটির মূল্য প্রায় আড়াই কোটি টাকা। ঐতিহ্যবাহী এই ঘড়িটি নাকি ঘড়ি-সংগ্রাহকদের অত্যন্ত পছন্দের। জাহ্নবীর গোলাপি পোশাকের সঙ্গে দারুন মানাচ্ছিল ঘড়িটি। হালকা সবুজ পাথরের ঝুমকো পরেছিলেন নায়িকা।
অনুষ্ঠানে অর্জুন কাপুরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাঁকে। সিঁদুরদানের সময় অংশুলার একদিকে জাহ্ণবী, অন্যদিকে দাঁড়িয়ে ছিলেন খুশি কপূর। জমজমাট অনুষ্ঠানে দারুণ সময় কাটিয়েছেন পুরো পরিবার।
উল্লেখ্য কিছু দিন আগেও জাহ্নবীকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ‘পেড্ডি’ ছবিতে তাঁর চরিত্র নানা সমালোচনার মুখে পড়ে। এর পর মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘লগ জা গলে’। টাইগার শ্রফ ও লক্ষ্যের সঙ্গে জাহ্নবীকে দেখা যাবে আগামী বছরের মে মাসে।
