অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

প্রতিদিনের ডেস্ক:
নৌচলাচলের নিয়ম অমান্য করার অভিযোগে একটি বিদেশি জাহাজে সতর্কতামূলক গুলি ও সেটি আটকে দেওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। রবিবার (১২ জুলাই) স্থানীয় সময় ভোরে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিটে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, বারবার সতর্কবার্তা এবং অনুমোদিত রুট ব্যবহারের নির্দেশ দেওয়া সত্ত্বেও বেশ কয়েকটি জাহাজ একটি অননুমোদিত ও নিষিদ্ধ পথ ব্যবহার করার চেষ্টা করছিল।ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, একটি নির্দিষ্ট জাহাজ তাদের নেভিগেশন ও ট্র্যাকিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সামুদ্রিক নিরাপত্তার জন্য চরম হুমকি তৈরি করেছিল। বারবার সতর্ক করার পরও জাহাজটি সাড়া না দেওয়ায় প্রথমে সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয় এবং পরবর্তীতে সেটির গতিপথ রোধ করে আটকে দেওয়া হয়।আইআরজিসি জানিয়েছে, এই কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তারা আরো যোগ করেছে, কোনো জাহাজকেই এই প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।আইআরজিসি পক্ষ থেকে আরো সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, দেশটির ওপর নতুন কোনো হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং পুরো অঞ্চলে থাকা অন্যান্য ‘শত্রু’ ঘাঁটিতেও একযোগে হামলা চালানো হবে। এই উদ্ভূত পরিস্থিতির জন্য আইআরজিসি ‘অবৈধ বিদেশি হস্তক্ষেপ’-কে দায়ী করেছে এবং যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির পরিণতির জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মার্কিন ঘাঁটি পরিচালনাকারী দেশগুলোকে দায়ী করেছে।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল তেহরান ও ওয়াশিংটন। ওই চুক্তির মূল শর্তই ছিল সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি, ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া।তবে শান্তি চুক্তি সত্ত্বেও, চলতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিগত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়, যার জবাবে ইরানও পুরো অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। এই নতুন উত্তেজনার পারদ হিসেবেই এবার বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা এলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়