রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় অগ্নিকান্ডে দুইটি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এ আগুনের ঘটনায় বাড়িঘর সহায় সম্বল হারিয়ে পরিবার দুটি পথে বেসেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ডহরপাড়া গ্রামে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। শনিবার দুপুরে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধায় লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়ি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে প্রথমে বসতঘর,তারপর মুহুর্তে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ৬টি ঘর গ্রাস করে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৗছানোর আগেই কৃষিজীবী দুইটি পরিবারের ঘরের সব মালামালসহ মোট ৬ খানা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

