আবু সাঈদ মারুফ
বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত মাস রমজান। মুমিন জীবনে আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য মাসটি অনন্য। রমজান মাসের শেষ ১০ দিন নাজাতের। যদিও রাসুলুল্লাহ (স.) উম্মতদের উদ্দেশ্য করে বলেন, রমজান পুরোটাই বরকত আর বরকত। এই মাসে অতীতের সব পাপ ক্ষমা করিয়ে নেওয়ার অবারিত সুযোগ রয়েছে। আল্লাহর অনুগ্রহে পেতে রমজানের এ শেষ দশকে অনেকেই বিশেষ ইবাদত-বন্দেগিতে রত থেকে অতিবাহিত করেন। এ শেষ দশকেই আসে সেই সৌভাগ্যের রাত লাইলাতুল কদর। রমজানের শেষ দশকে ফরজ আমলের পাশাপাশি বিশেষভাবে কতগুলো আমল করেছিলেন নবীজি। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সৎ কর্মশীলতার দিক দিয়ে আল্লাহর দৃষ্টিতে রমজানের শেষ দশকের চেয়ে মহৎ ও প্রিয় আর কোনো দিন নেই।’ (মুসনাদ আহমদ)। আজ ২৭ রমজান। জাহান্নামের আগুন থেকে মুক্তির সপ্তম দিন অতিবাহিত হচ্ছে আজ। আল্লাহর নিকট ক্ষমা লাভ ও আমল কবুলের একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মার যুক্বনি ফিহি ফাদলা লাইলাতিল ক্বাদরি; ওয়া সায়্যির ওমুরি ফিহি মিনাল ও’সরি ইলাল ইয়ুসরি; ওয়াক্ববাল মাআ’জিরি; ওয়া হুত্ব আ’ন্নিজ জামবি ওয়াল উযরা; ইয়া রাউ’ফান বি-ইবাদিহিস সালিহিন।
অর্থ : হে আল্লাহ! আজকের দিনে আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।
পরিশেষে : আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেক রোজাদারকে রমজানের শেষ দশকের আজকের দিনে ক্ষমা লাভ ও আমল কবুলের তাওফিক দান করুন। আমিন।

