প্রতিদিনের ডেস্ক
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। একইসঙ্গে বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। ফলে বাজেট পাস হলে এসব পণ্যের দামে পরিবর্তন আসবে। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
বিদেশি গুঁড়ো দুধ : বাজেটে প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে বাজারে গুঁড়া দুধের দাম কমছে।
চকলেট : চকলেট আমদানিতে শুল্ক ২৫ শতাংশ কমছে। ফলে দাম কমছে চকলেটের।
কার্পেট: কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমছে।
ল্যাপটপ : ল্যাপটপ আমদানিতে শুল্ক বাড়ানো হলেও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে ৩১ শতাংশের পরিবর্তে ২০ দশমিক ৫০ শতাংশ শুল্ককর দিতে হবে বিধায় ল্যাপটপের দাম কমতে পারে।
দেশে তৈরি মোটরসাইকেল : দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসের আমদানি শুল্ক কমছে। এতে দেশে তৈরি মোটরসাইকেলের দাম কমবে।
উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ: অ্যাভিয়েশন খাতের উত্তরণে ইঞ্জিন-প্রপেলার আমদানিতে কমছে মূসক। ফলে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে কমবে খরচ।
মিথানল: বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।
পলিপ্রোপাইলিন ইয়ার্ন : কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানিতে আমদানি শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে।
ম্যাংগানিজ : ফেরো এলয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে আমদানি শুল্ক ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।
ডেঙ্গুর চিকিৎসাসামগ্রী : ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের কিটসহ সব ধরনের পরীক্ষা সরঞ্জামের ওপর শুল্ককর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
আমদানিকৃত কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট : কিডনি রোগী চিকিৎসার অন্যতম সরঞ্জাম ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট পণ্যের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে।
ক্যানসার চিকিৎসা সরঞ্জাম : ক্যানসার রোগীর চিকিৎসার ব্যবহৃত কিছু সরঞ্জাম রেয়াতি সুবিধায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
লোহা জাতীয় পণ্য : রড, বার ও এঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এতে লোহা জাতীয় পণ্যের দাম কমতে পারে।
বৈদ্যুতিক সরঞ্জাম : সুইচ-সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমছে।

