প্রতিদিনের ডেস্ক॥
কোরবানির ঈদ শেষ হয়েছে প্রায় এক মাস। ঈদের আমেজ শেষ হলেও শাকিব খানের ‘তুফান’ সিনেমার আমেজ যেন শেষই হচ্ছে না। মুক্তির পঞ্চম সপ্তাহে এসেও সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনো চলছে সিনেমাটি। দেশে মুক্তির পর বিদেশে মুক্তি পায় এটি। কিছুদিন আগে কলকাতার প্রেক্ষাগৃহেও ঘটা করে প্রকাশ পেয়েছে সিনেমাটি। তবে এই সিনেমার সিক্যুয়াল নিয়ে দর্শকদের জল্পনা যেন শেষই হচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক রায়হান রাফি জানান, দ্রুতই ‘তুফান’ ছবির সিক্যুয়াল শুরু করবেন। সে অনুযায়ী চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। তিনি বলেন, এ বার আরও বড় পরিসরে ফিরবে ‘তুফান-টু’ ছবি। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন ফ্র্যাঞ্চাইজিতে।
থাকবেন চঞ্চল চৌধুরীও। এমনকি টলিউডের প্রথম সারির আরও কিছু তারকা যোগ হতে পারেন ছবিতে। এর আগে গেল শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এই সিনেমার সিক্যুয়ালের কথা জানান মিমি চক্রবর্তী। সিনেমার সাফল্যে তিনিও ছুটি কাটাচ্ছেন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। সেই ছবিও ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। এদিকে ধারাবাহিকভাবে সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। গত তিন ঈদে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ সিনেমা দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। ‘তুফান’র রেশ কাটতে না কাটতেই শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র মুক্তির ঘোষণা এসেছে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।
