প্রতিদিনের ডেস্ক॥
কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের মিছিলের পরিপ্রেক্ষিতে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।দুপুর ১টার পর আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে সচিবালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে রওয়ানা করেন। গুলিস্তানের জিরো পয়েন্টে আসলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে তারা জিরো পয়েন্টে কিছুক্ষণ অবস্থান করে স্লোগান দিতে থাকেন।
এ সময় বিদ্যুৎ ভবনের দিকের গেট ছাড়া সচিবালয়ের অন্য সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। কিছু কিছু সময়ের মধ্যে বিপুল সংখ্যক পুলিশ সচিবালয়ে ১ ও ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন।
তবে কিছুক্ষণ পর আবার এক নম্বর গেট খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়া হলেও সচিবালয়ের সামনে দুই নম্বর গেটের দিকে সড়কটি বন্ধ করে দেওয়া হয়।
তবে দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড় থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে বঙ্গভবনের দিকে চলে যান। এরপর সচিবালয়ের সামনের সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
