প্রতিদিনের ডেস্ক॥
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলছে প্রবাসী ধরপাকড়। মূলত অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৮ জুলাই) দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির শহরতলী বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেপ্তার করা হয়। খবর: গালফ নিউজের। সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছে, এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানের একটি অংশ। একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও। সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।
