প্রতিদিনের ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।ডিবির একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।এর আগে গতকাল রাতে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করার কথা জানান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।আজ বুধবার (১৪ আগস্ট) তাদের আদালতে তোলা হতে পারে। নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান। দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয়।অন্যদিকে, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। ওই মেয়াদেই তাকে আইনমন্ত্রী করে সরকার। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

