লোকসান কাটাতে আর্ম হোল্ডিংসের শেয়ার বেচে দিচ্ছে ইন্টেল

প্রতিদিনের ডেস্ক॥
সেমিকন্ডাক্টর খাতে কয়েক দশক প্রভাব ধরে রেখেছিল মার্কিন কোম্পানি ইন্টেল করপোরেশন। তবে সাম্প্রতিক সময়ে লোকসান গুনতে থাকা কোম্পানিটি তীব্র আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যভিত্তিক সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার ডিজাইন কোম্পানি আর্ম হোল্ডিংস পিএলসির শেয়ার বিক্রি করেছে ইন্টেল। খবর ফার্স্টপোস্ট।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আর্ম হোল্ডিংসে নিজেদের ১১ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রি করে ইন্টেল। প্রতিটি শেয়ার থেকে ১২৪ ডলার ৩৪ সেন্ট দরে প্রায় ১৪ কোটি ৭০ লাখ ডলার পেতে পারে কোম্পানিটি। ইন্টেলের ভাষায়, পরিচালন কার্যক্রম স্থিতিশীল রাখতে বিস্তৃত কৌশলের অংশ হিসেবে শেয়ার বিক্রি করা হয়েছে।
তবে ইন্টেলের বিস্তৃত কৌশল শুধু শেয়ার বিক্রিতেই সীমাবদ্ধ নেই। বড় আকারের ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কোম্পানিটি। জানা গেছে, ইন্টেল প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা চিন্তা করছে। এছাড়া ব্যয় কমাতে ও ব্যবসা স্থিতিশীল করতে লভ্যাংশ দেয়া বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
ইন্টেলের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে এ দুরবস্থার চিত্র পাওয়া যায়। প্রতিষ্ঠার ৫৬ বছরের ইতিহাসে এর চেয়ে খারাপ পরিস্থিতি আসেনি। ফলে এর শেয়ারদরে বড় পতন দেখা দিয়েছে। এর মধ্যেই সামগ্রিকভাবে এক-তৃতীয়াংশ মূল্য হারিয়েছে ইন্টেলের শেয়ার।
আর্ম হোল্ডিংসে নিজেদের শেয়ার বিক্রি করার পরও দ্বিতীয় প্রান্তিকে ইকুইটি বিনিয়োগে ১২ কোটি ডলারের নিট লোকসানের কথা জানিয়েছে ইন্টেল। চিপ মার্কেটে প্রতিষ্ঠানটির যে আধিপত্য ছিল তা কমতে শুরু করেছে। তবে শেয়ার বিক্রি খুব একটা কাজে না দিলেও একে ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়