নিজস্ব প্রতিবেদক॥
যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ ঘরোনার আরও চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার মুনছেফপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, রঘুরামপুর গ্রামের রহমান গাজীর ছেলে রিপন গাজী, পূর্ব বারান্দীপাড়ার হাসান গাজীর ছেলে টিপু সুলতান ও পূর্ব বারান্দীপাড়ার মৃত ওয়াজেদ আলীর ছেলে মোহাম্মদ কালাম। শনিবার মধ্যরাতে আসামিদের নিজনিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান তাদেরকে আটক করে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান বলেন, তারা আওয়ামীলীগ সরকারের আমলে নানা ধরণের অন্যায় করেছেন। এছাড়া তদন্তে উঠে এসেছে এ মামলার এজাহারভুক্ত আসামিদের সাথে আটককৃতদের গভীর সখ্যতা রয়েছে। তারা একত্রিত হয়েই বিএনপি অফিসে হামলা, লুটপাট ও আগুন জালিয়েছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।

