মোংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার নালা এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে এই মাংস জব্দ ও দুই শিকারিকে আটক করা হয়। জব্দ হরিণের মাংস ও আটকদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন- মোংলা উপজেলার মো. আসাদুল ইসলাম (২৭) ও মো. সয়দার শিহাব উদ্দিন (১৯)। কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা মুনতাছির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়েছে। হরিণের মাংস ও আটকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী ও সুন্দরবন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
