প্রতিদিনের ডেস্ক॥
লাক্স-চ্যানেল আই সুপারস্টারখ্যাত অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজেও ব্যস্ত থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এমনকি দেশের বন্যা পরিস্থিতিতেও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন মম। ধর্ম নিয়ে চলমান অস্থিরতার প্রেক্ষিতে সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, পরিচয় কিন্তু ‘বাংলাদেশি’। ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না। অভিনেত্রীর সেই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। সহমতের পাশাপাশি অনেকে সমালোচনাও করছেন অভিনেত্রীর। তবে তার সেই পোস্টে বেশির ভাগই সহমত প্রকাশ করেছেন। নির্মাতা রাশিদ পলাশ সেই পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ইয়েস। অন্য এক অনুরাগী মন্তব্য করেন, কিন্তু এই সহজ বিষয়টা কে কাকে বোঝাবে! এদিকে বিরতি কাটিয়ে আবারো কাজে ফিরেছেন মম। সম্প্রতি ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। গল্পের মূল বিষয়বস্তু- বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।

