১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

১৮ হাজার ভারতীয়কে ফেরত তৎপরতা ট্রাম্প প্রশাসনের

প্রতিদিনের ডেস্ক॥
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকেও প্রচুর মানুষ বিনা নথিতে আমেরিকায় রয়েছেন। ‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন বলছে, ভারত এবং আমেরিকা উভয় সরকারই যৌথভাবে এখনো পর্যন্ত সে দেশে বসবাসকারী প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে। এ বার তাদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও, তাদের ফেরত পাঠানোয় সম্মত রয়েছে নয়া দিল্লিও। ‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুসারে, এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। কারণ, এখন পর্যন্ত ১৮ হাজার জন চিহ্নিত। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে সমীক্ষক সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভেদর। সমীক্ষক সংস্থার দাবি, প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন। ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সে দেশের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে ভারত সরকারও। আমেরিকায় ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে ভারত যে আগ্রহী, সেটি বোঝানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়